রাজশাহীর গোদাগাড়ীতে সাবিদুল ইসলাম (৩৪)–এর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে; পুলিশের বক্তব্য, তিনি অতিরিক্ত নেশা করে পানিতে ডুবে মারা যান।

পরিবারের ভাষ্য, মৃত্যুর আগের রাতে সাবিদুল বাড়িতে ফেরেন, তখনো তাঁর মুখে কাদা লেগে ছিল। তাঁরা জানান, আগের রাতে কেউ তাঁকে মারধর করেছিল। ২৪ জুলাই সকালে সাবিদুল মাকে বলেছিলেন, ‘কেহু আমাকে মাইর‌্যা ফেললে লাশটা আইন্যা কবর দিস, মা।’ সেদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। ২৬ জুলাই তাঁর লাশ পাওয়া যায়। তাঁর মৃত্যু বিষয়ে মা আবেদা বেগম আজ শনিবার এ কথা বলেন এবং ছেলেকে হত্যার অভিযোগ তোলেন।

সাবিদুল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর কলোনির মো. কামালের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজ। তাঁর স্ত্রী ও সাড়ে চার বছর বয়সী এক মেয়ে আছে। নির্মাণশ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন সাবিদুল। ২৪ জুলাই মধ্যরাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৬ জুলাই সকালে গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

লাশের বিষয়ে বলা হচ্ছে, মাথায় রক্ত, চোখে-জিহ্বায় ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া ফোসকার মতো ক্ষত রয়েছে। পুলিশ বলছে, অতিরিক্ত নেশা করে পুকুরে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে পরিবার ও এলাকার লোকজন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তাঁদের অভিযোগ, নির্মম নির্যাতনের পর সাবিদুলকে হত্যা করা হয়েছে।

আজ সকালে আবেদা বেগমের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি দাবি করেন, ধারের সামান্য কিছু টাকা ফেরত দিতে না পারায় তাঁর ছেলের প্রাণ নেওয়া হয়েছে। তবে তিনি অভিযুক্ত কারও নাম বলেননি। অভিযুক্তরা প্রভাবশালী কি না—এমন প্রশ্নে আবেদা বলেন, ‘তাঁরা কোটিপতি’। তাঁর বক্তব্য, তিনি এসব জানলেও পুলিশ আছে অন্ধকারে।

প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়নি; তবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।

আবেদা বেগম রাজাবাড়ীহাটে মানুষের কাছে হাত পেতে চলেন। তাঁর ভাষ্য, ২৪ জুলাই গভীর রাতে তাঁর ছেলে রাজাবাড়ীহাট চেকপোস্টের পাশে আরিফের চায়ের দোকানে চা পান করেছিলেন। পরে কয়েকজন তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ওই রাতে তাঁকে নির্যাতন করা হয় বলে আবেদার অভিযোগ।

ছেলের লাশ সম্পর্কে বর্ণনা দেন বাবা কামাল হোসেন। তিনি বলেন, ‘আমরা লাশ ভালো করে দেখেছি। চোখে পিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মাথায়-কপালে রক্ত ছিল। জিহ্বা কেটে দেওয়া হয়েছিল। সারা শরীরে ফোসকাও ছিল। হয়তো মারার আগে গরম পানি ঢালা হয়েছিল।’ পাশাপাশি আবেদা বেগম বলেন, ‘আমরা শুন্যাছি যে প্রথমে একদিন বাথরুমে লাশ লুকিয়ে রাখা হয়েছিল। একদিন পর পুকুরে ফেলা হয়। গরম পানি না ঢাললে এক দিনেই পানিতে থাকা লাশে ফোসকা পড়বে না। তারা দুই-তিন হাজার টাকা পাইত, অ্যার লাইগা খুন।’

সাবিদুলের ময়নাতদন্তে কী পাওয়া গেছে—এ বিষয়ে জানতে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কফিল উদ্দিনকে ফোন করা হয়। তবে কাগজপত্র না দেখে তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।

পুকুরটির পানির গভীরতা বিবেচনায় ডুবে মৃত্যুর বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা। তিনি মুক্তকণ্ঠকে বলেন, ‘শরীরে ফোসকা আমরাও দেখেছি। সুরতহাল প্রতিবেদনে এটা লেখা হয়েছে। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলতে পারছি না।’

তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান অবশ্য পানিতে ডুবেই সাবিদুলের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, ‘ছেলেটা অতিরিক্ত নেশা করত। যারা নেশা করে, তারা নেশা কাটাতে অনেক সময় পুকুরে নামে। হয়তো পুকুরে নেমে নেশার ঘোরে আর উঠতে পারেনি।’ তিনি জানান, সাবিদুল নিখোঁজ হওয়ার আগে মধ্যরাতে জনিসহ কয়েকটি ছেলের সঙ্গে আরিফের দোকানে চা পান করেছিলেন। তার পর থেকে তাঁকে আর কোথাও দেখা যায়নি।

জনি দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হাই টুনুর ছেলে। যোগাযোগ করা হলে তিনি সাবিদুলের সঙ্গে চা পানের কথা অস্বীকার করেন। তিনি তাঁকে চেনেন না বলেও দাবি করেন। পরে আরিফের দোকানের কথা বললে জনি বলেন, ‘সাবিদুল আমার সঙ্গে চা খায়নি। সে দূরে ছিল, আমি দেখেছি। আমার সঙ্গে পুলিশের এসআই জুয়েল আবেদীন ছিল। আমিসহ কয়েকজন এসআই জুয়েলের সঙ্গে চা খাই। তারপর চলে আসি।’

প্রেমতলী তদন্ত কেন্দ্রের এসআই জুয়েল আবেদীন জনির সঙ্গে চা পানের বিষয়টি প্রথমে অস্বীকার করে বলেন, ‘চা খেয়েছি সত্য, কিন্তু আমি কাউকে চিনি না।’ পরে তিনি বলেন, ‘শুধু জনিকেই চিনি।’

এদিকে সাবিদুলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে বিচারের দাবিতে এলাকাবাসী আগামীকাল রোববার এলাকায় মানবন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।