গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪০ শিশুর মৃত্যু হলো।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৮৭২ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৫১ জন উপসর্গে আক্রান্ত হয়েছে।
প্রতিবেদক অনুযায়ী, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৭৪৪ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে ১৬ হাজার ১৮০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে দাঁড়িয়েছে।
হাসপাতালের তথ্যে দেখা যায়, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।