দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা এক আন্দোলনের সময় গালিগালাজের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ না করে বরং সংযম ও ক্ষমার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার (৩১ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তার ক্যাপশনে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘গালিগালাজ কখনও কোনো কিছুর সমাধান করে না। আসুন বিভ্রান্তদের পথ দেখাই। চলুন একসঙ্গে কাজ করি। আসুন ভারতের জন্য কাজ করি।’

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিভ্রান্ত তরুণ এমন ভাষা ব্যবহার করেছে, সভ্য সমাজে যার কোনো স্থান নেই। আমাকে গালি দেওয়া হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও গালি দেওয়া হয়েছে।’

গালিগালাজ কোনো সমাধান নয় উল্লেখ করে মোদি আরও বলেন, ‘যারা ভুল পথে চালিত হয়েছে তাদের শাস্তি দেওয়ার চেয়ে সমাজের উচিত তাদের সঠিক পথ দেখানো।’

জানা গেছে, গত ২৩ জুলাই যন্তর মন্তরে কোকরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই বিক্ষোভে ২৫ বছর বয়সী এক নারী প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করেন। ওই তরুণীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কয়েক দিন পর প্রধানমন্ত্রীর এই ভিডিও বার্তা সামনে এলো।

আইনি পদক্ষেপ নেওয়া হলেও প্রধানমন্ত্রী মোদি জানান, রাগ বা প্রতিশোধ নেওয়া এর সঠিক উত্তর হতে পারে না। তরুণ সমাজের ভুল থেকে শেখার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শৈশবে বা তরুণ বয়সে ভুল হয়, আর এই বয়সটাই সেই ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগও দেয়। তরুণ হওয়ার মানেই তো এটা।’

সমাজে ক্ষোভ তৈরি হওয়াকে স্বাভাবিক বলে মনে করেন তিনি। ভিডিওতে তিনি আরও বলেন, ‘কিন্তু এখন এই সন্তানদের কাছে টেনে নেওয়া এবং তাদের সঠিক পথ দেখানোর সময় এসেছে। তারা পথভ্রষ্ট শিশু। তাদের পথ দেখানো আমাদের দায়িত্ব। তাদের শাস্তি দেওয়া, আদালতে টানাটানি করা এবং হেনস্তা করা পরিস্থিতির পরিবর্তন ঘটাবে না।’

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমি তাদের ক্ষমা করতে চাই। আমি সমাজকেও অনুরোধ করছি যেন আমি যা বলছি তা গ্রহণ করে। গালিগালাজ কখনও সমস্যার সমাধান করে না। যারা পথ হারিয়েছে আসুন তাদের পথ দেখাই। চলুন আমরা একসঙ্গে কাজ করি। আসুন ভারতের জন্য কাজ করি।’

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে শান্তি ভঙ্গ করার উসকানি, জনমনে গোলযোগ সৃষ্টিকারী বক্তব্য এবং মানহানির অভিযোগে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় নয়ডার এক্সপ্রেসওয়ে পুলিশ স্টেশনে একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তের সুবিধার্থে মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।

অন্যদিকে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস এই ঘটনার প্রতিক্রিয়ায় জানান, ব্যবহৃত ভাষা আপত্তিজনক হতে পারে, তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি আইন প্রয়োগ করা উচিত নয়।

সৌরভ দাস বলেন, ‘অবশ্যই, যদি এমন কোনো ভাষা ব্যবহার করা হয়ে থাকে যা অবমাননাকর, তবে সংশ্লিষ্ট ব্যক্তি ওই ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি মানহানি এবং ফৌজদারি মানহানির মামলা করার ক্ষেত্রে মুক্ত। তবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি যন্ত্রপাতি ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপত্তিজনক ভাষার জন্য কারও শাস্তি হওয়া উচিত নয়।’