ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এক সন্ত্রাসী হামলায় এক অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। অমরনাথ যাত্রা চলাকালীন এই হামলার পর পুরো কাশ্মীরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুলগাম জেলার কেল্লাম গ্রামে অস্থানীয় দুই শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর শ্রমিককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে, তবে চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এই অভিযান অব্যাহত রয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান কাঠামোর পাশাপাশি অতিরিক্ত ৬৭০টি আধাসামরিক বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে।
গত ১০ দিনের মধ্যে কাশ্মীরে এটি দ্বিতীয় লক্ষ্যভিত্তিক সন্ত্রাসী হামলা। এর আগে গত সপ্তাহে অনন্তনাগ জেলায় এক হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।
সাম্প্রতিক এই সহিংসতাগুলোর পরিপ্রেক্ষিতে উপত্যকাজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে এই গণআটকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, "এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।"