গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে দুই শিক্ষার্থীর। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার উত্তর মুক্তারপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার উত্তর মুক্তারপুর এলাকার মো. আতাউর রহমান শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) এবং কাপাসিয়া উপজেলার দড়ি নাসেরা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। তারা উভয়েই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে রাব্বি ও লাবিবুল। গোসলের একপর্যায়ে রাব্বি পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে লাবিবুলও তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন।
পরবর্তীতে তারা লাবিবুল আল হাসানকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, রাব্বিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক জানান, "ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।"