কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বিশেষ কিছু টুল এখন স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম। 'এআই এজেন্ট' হিসেবে পরিচিত এই টুলগুলো দৈনন্দিন কাজ সহজ করে দেওয়ায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এর ব্যবহার বাড়ছে। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের বিশ্বাস, ভবিষ্যতে এই প্রযুক্তির প্রসার আরও দ্রুত হবে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে শতকোটি মানুষ ব্যক্তিগত এআই এজেন্ট ব্যবহার করবেন।
গত বুধবার মেটার বিনিয়োগকারী সম্মেলনে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি, এখন থেকে পাঁচ বছর পর এমন একটি সময় আসবে, যখন শত শত কোটি মানুষের কাছে এমন ব্যক্তিগত এআই এজেন্ট থাকবে, যা তাদের লক্ষ্য বুঝবে এবং যেকোনো ক্ষেত্রে তাদের হয়ে সার্বক্ষণিক কাজ করবে।’
জাকারবার্গের মতে, এই এআই এজেন্টগুলো ব্যবহারকারীর প্রয়োজন ও লক্ষ্য অনুধাবন করে দিন-রাত ২৪ ঘণ্টা তাদের হয়ে কাজ করে যাবে। যখন মানুষ নিয়মিতভাবে একাধিক এআই এজেন্টের সাথে যোগাযোগ করবে, তখন হোয়াটসঅ্যাপসহ মেটার অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মগুলোর গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, পারিবারিক ও সামাজিক সম্পর্ক পরিচালনা এবং গৃহস্থালির বিভিন্ন কাজে এই এআই এজেন্টগুলো গুরুত্বপূর্ণ সহকারী হিসেবে ভূমিকা রাখবে। এই প্রেক্ষাপটে মেটা বর্তমানে যে ব্যক্তিগত এআই এজেন্ট তৈরি করছে, সেটিই ভবিষ্যতে প্রতিষ্ঠানটির নতুন পণ্য এবং আয়ের প্রধান ভিত্তি হয়ে উঠবে বলে মনে করেন তিনি।