পাকিস্তানের কারাকোরাম পর্বতমালা এলাকার ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিকে এক ভয়াবহ তুষারধসে ১০ জন আন্তর্জাতিক পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজার নেতৃত্বে পরিচালিত একটি অভিযাত্রী দলের সদস্যরা এই দুর্ঘটনায় নিখোঁজ হন।
দেশটির আলপাইন ক্লাব পাকিস্তান (এসিপি) জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে তুষারধসের পর থেকে তাঁদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার ও স্থল উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এসিপির দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে হুনজারের পাকিস্তানি পর্বতারোহী সোহেল সাখি, নেপালের পাঁচজন, একজন মার্কিন, একজন ওমানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী রয়েছেন। পুরো অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালি বংশোদ্ভূত খ্যাতিমান পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা।
আলপাইন ক্লাবের সদস্য কারার হায়দরি বলেন, "পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে এলেই সরকারি সংস্থা ও উদ্ধারকর্মীদের সহায়তায় হেলিকপ্টার এবং স্থলপথে উদ্ধার অভিযান শুরু হবে।"
জিপিএস তথ্যের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, তুষারধসের তীব্রতায় পর্বতারোহীরা প্রায় এক কিলোমিটার নিচে ছিটকে পড়েছেন এবং সম্ভবত তুষারের নিচে আটকা পড়ে আছেন। গত বুধবার ব্রড পিকের চূড়ায় ওঠার উদ্দেশ্যে যাত্রা শুরু করা দলটি আজ শুক্রবারের মধ্যে চূড়ায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছিল।
এসিপির সাধারণ সম্পাদক আয়াজ শিগরি বলেন, "গতকাল ক্যাম্প–৩-এর দিকে যাওয়ার সময় তুষারধসের ঘটনা ঘটে।"
একটি বিবৃতিতে আলপাইন ক্লাব জানিয়েছে, তারা নিখোঁজ পর্বতারোহীদের নিরাপদ উদ্ধারের আশা করছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিবার এবং আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে সংস্থাটি।
অন্যদিকে, পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্বতগুলোতে আবহাওয়া অনুকূলে থাকায় কে–২, গাশেরব্রুম–১ ও ব্রড পিকে ২০০-এর বেশি বিদেশি পর্বতারোহী উচ্চতর ক্যাম্পগুলোর দিকে অগ্রসর হয়েছেন। এরই মধ্যে গতকাল ভোরে আট সদস্যের একটি আন্তর্জাতিক দল ৮ হাজার ৩৫ মিটার উচ্চতার গাশেরব্রুম–২ শৃঙ্গ জয় করেছে। সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ৫ মিনিটের মধ্যে তারা চূড়ায় পৌঁছান।
গাশেরব্রুম–২ জয় করা দলে ছিলেন ব্রিটিশ–পাকিস্তানি পর্বতারোহী নাদিয়া আজাদ, ব্রাজিলের রোমান আন্দ্রাদে রোমানচিনি এবং নেপালের ছয়জন শেরপা। ওই শেরপারা হলেন লাকপা শেরপা, লাখপা তেম্বা শেরপা, পাসাং তেনজে শেরপা, তাশি শেরপা, নিগমা দোরচি শেরপা ও দাওয়াসাঙ্গে শেরপা। এদের মধ্যে পাসাং তেনজে শেরপা অতিরিক্ত অক্সিজেন ছাড়াই আরোহণ করেন।
এই অভিযানের মাধ্যমে লাখপা তেম্বা শেরপা তাঁর ১৪তম ও শেষ ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন। অন্যদিকে, নাদিয়া আজাদের এটি পঞ্চম ৮ হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়; এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা ও মানাসলু জয় করেছিলেন। ২১ জুলাইয়ের পর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় বেসক্যাম্পে অবস্থান করা দলটি বুধবার ক্যাম্প–৩ থেকে চূড়ান্ত অভিযান শুরু করেছিল।