যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এক ব্যক্তির আকস্মিক অচেতন হয়ে পড়ার ঘটনায় জীবন রক্ষাকারী ভূমিকা পালন করেছে অ্যাপল ওয়াচ। ওই ব্যক্তির হাতের ঘড়িতে থাকা ‘ফল ডিটেকশন’ সুবিধাটি তাৎক্ষণিকভাবে পরিস্থিতি শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি সেবা নম্বরে কল করে এবং ব্যবহারকারীর সঠিক অবস্থান জানিয়ে দেয়। এর ফলে দ্রুত উদ্ধারকাজ চালিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেআরসি-র প্রতিবেদন অনুযায়ী, ওহাইওর বাসিন্দা মোহাম্মদ ইসলাম অসুস্থতার কারণে সেদিন কর্মস্থলে যাননি। সারাদিন তিনি শ্বাসকষ্ট, কানের পাশে ব্যথা এবং হাঁটুর সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে বাড়ির বাইরে ময়লা ফেলতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে মোহাম্মদ ইসলাম জানান, “জ্ঞান ফেরার পর প্রচুর ঘাম হচ্ছিল। উঠে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি।” এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের মতে, মোহাম্মদ ইসলামের ফুসফুসে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, যা দ্রুত চিকিৎসা না পেলে প্রাণঘাতী হতে পারত। এই অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ ইসলাম বলেন, ‘এখনো বুঝতে পারছি না আসলে কী হয়েছিল এবং কীভাবে আমি বেঁচে গেলাম।’ দ্রুত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে তাঁর অ্যাপল ওয়াচের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, অ্যাপল ওয়াচ এসই, অ্যাপল ওয়াচ সিরিজ-৪ থেকে পরবর্তী মডেল এবং অ্যাপল ওয়াচ আল্ট্রাতে ‘ফল ডিটেকশন’ সুবিধা দেওয়া হয়েছে। এই প্রযুক্তিতে ব্যবহৃত অ্যাকসিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সর ব্যবহারকারীর চলাচলের ধরন পর্যবেক্ষণ করে। কেউ হঠাৎ পড়ে গেলে ঘড়িটি অ্যালার্ম বাজিয়ে আশপাশের মানুষকে সতর্ক করে এবং পর্দায় সতর্কবার্তা দেখায়। ব্যবহারকারী ৩০ সেকেন্ডের মধ্যে সাড়া না দিলে জিপিএস প্রযুক্তির মাধ্যমে অবস্থান জানিয়ে স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় কল করে এই স্মার্টওয়াচ।