বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহজাহান আলী নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে উপজেলার হাওয়াখানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান আলী রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুতবেগে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন বলেন, "খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।"

অন্যদিকে, শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, "সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার সাথে জড়িত বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।