চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোহাম্মদ জিল্লুর রহমান নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সরল ইউনিয়নে মাছের ঘের ও লবণের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ বিদ্যমান। এই বিরোধের জেরে শুক্রবার রাতে ঘের দখলের চেষ্টা করতে গিয়ে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের ছোড়া গুলিতে জিল্লুর রহমান গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম জানান, "রাতে গুলিবিদ্ধ অবস্থায় বাঁশখালী থেকে এক যুবককে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগে অথবা চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।" তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান, সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। তিনি আরও বলেন, "এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"