বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট এলাকার একটি পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামির উদ্দিন ভোলার বোরহানউদ্দিন মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে এবং রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেলে মোট ১০ জন পর্যটক বান্দরবানের উদ্দেশ্যে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন। বিকেল সাড়ে ৫টার দিকে ওই ১০ জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান। সেখানে ছবি তোলা শেষে আটজন ফিরে এলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনের দিকে চলে যান।

সন্ধ্যা ৬টার দিকে গাইড মো. ইসমাইল বগালেক সেনা ক্যাম্পে বিষয়টি অবহিত করেন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হয় তল্লাশি অভিযান। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় ১১টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনা প্রসঙ্গে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, "বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।"