লক্ষ্মীপুরে জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে মারধর এবং তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মো. শরীফ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতে থানায় অভিযোগ জানানো হয় এবং আহত শরীফকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মো. শরীফ সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের বিনোদধর্মপুর গ্রামের বাসিন্দা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী। অন্যদিকে, অভিযুক্ত আনিসুল ইসলাম লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এবং একই এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে শরীফ জানান, আনিসুল ইসলামের সঙ্গে তাদের পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এই সংক্রান্ত একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। ঘটনার দিন মাছের খাবার কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় গেলে আনিসুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথরোধ করেন। শরীফের অভিযোগ, "তুই ফ্যাসিস্ট বলে এলোপাতাড়ি কিল-ঘুষি দেওয়া হয়।"
এই হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হয়েছেন বলে জানান। পাশাপাশি তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আইনজীবী আনিসুল ইসলাম। তিনি জানান, শরীফের সঙ্গে তার দেখা হয়েছে ঠিকই, তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি। একই সঙ্গে একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
ঘটনা প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, "ঘটনাটি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে সমিতির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।