পাকিস্তানের ব্রড পিক পর্বতে এক ভয়াবহ তুষারধসের ঘটনায় নেপালের প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন নিখোঁজ হয়েছেন।
বিশ্বের ১২তম সর্বোচ্চ এই পর্বতটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ হাজার ৪০১ ফুট। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত এই পর্বতে অভিযানে বেরিয়েছিলেন ৪৩ বছর বয়সী পর্বতারোহী নির্মল পুরজা (নিমস দাই) ও তার ১০ সদস্যের একটি দল। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) হঠাৎ তুষারধসের কবলে পড়ে দলটি। আলপাইন ক্লাব অব পাকিস্তান জানিয়েছে, ঘটনার পর থেকে নিখোঁজ পর্বতারোহীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ হওয়া আন্তর্জাতিক এই দলে নেপালের ৫ জন, যুক্তরাষ্ট্রের ১ জন, পাকিস্তানের ১ জন, ওমানের ১ জন, চীনের ১ জন এবং আরও ১ জন বিদেশি পর্বতারোহী ছিলেন।
ঘটনার খবর পাওয়ার পর পাকিস্তানের আলপাইন ক্লাব দেশটির প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছে। দ্রুত উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলপাইন ক্লাবের জানানো, আবহাওয়া অনুকূল হলে এবং উদ্ধারকাজের উপযুক্ত পরিবেশ তৈরি হলে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চালানো হবে। একই সঙ্গে নিখোঁজ পর্বতারোহীদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, নির্মল পুরজা একসময় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর (রয়েল মেরিন) স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। ২০১৯ সালে মাত্র ৬ মাসের মধ্যে বিশ্বের ৮ হাজার মিটারের বেশি উচ্চতার সবকটি (১৪টি) পর্বতশৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে তার এই ঐতিহাসিক অভিযাত্রার ওপর একটি জনপ্রিয় তথ্যচিত্র প্রকাশিত হয়, যা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়।