ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ সংক্রান্ত একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটদুনিয়ায় তীব্র বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনভর মোদির স্বাক্ষর সংবলিত একটি পদত্যাগপত্রের ছবি ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা যায়।

ভাইরাল হওয়া ওই চিঠিতে দাবি করা হয়, ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যাবতীয় দায়ভার গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদি। চিঠির সত্যতা যাচাই না করেই অনেক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করতে থাকেন। তবে পরবর্তীতে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানা যায়, চিঠিটি সম্পূর্ণ ভুয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ছড়িয়ে পড়া এই চিঠির বিষয়ে ভারতের সরকারি তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) তাদের এক্স হ্যান্ডেলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

পিআইবি জানিয়েছে, "অনলাইনে প্রধানমন্ত্রীর স্বাক্ষর সংবলিত যে চিঠিটি ছড়িয়ে পড়েছে, তা ভুয়া। প্রধানমন্ত্রী এমন কোনো চিঠিতে স্বাক্ষর করেননি এবং লেখেনওনি।"

এ ধরনের খবর বা পোস্ট দেখলে শেয়ার করার আগে তা যাচাই করে নেওয়ার আহ্বান জানিয়েছে পিআইবি।

অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে, আন্দোলনের সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে পাকিস্তানের একাধিক অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশ দাবি করেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের বিভ্রান্ত করা ও উসকানি দেওয়াই এসব বেনামি অ্যাকাউন্টের মূল উদ্দেশ্য। এ ধরনের সম্পাদিত ভিডিও, ভুয়া পোস্ট কিংবা অপরিচিত অ্যাকাউন্টের কনটেন্টে কান না দেওয়ার জন্য পুলিশ ও সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে।