টাঙ্গাইলের মধুপুরে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রক্তিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে জামালপুরগামী ক্রাউন ডিলাক্স নামক বাসটি রক্তিপাড়া ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত ১৮ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ গতকাল রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক গতকাল রাতে জানান, "নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।"