খুলনা নগরীর সদর থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে মো. ইসমাইল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার শাহজাহান ওরফে পাগলা শাহজাহানের ছেলে। পুলিশ জানিয়েছে, ইসমাইল স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে ইসমাইল যখন এলাকায় অবস্থান করছিলেন, তখন একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়েও কোপায়।"
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইসমাইলের অতীত সম্পর্কে ওসি মো. শফিকুল ইসলাম জানান, "নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তিনি মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তথ্য রয়েছে।"
পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।