রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকেলে রোকসানা ওরফে পিনু (৪২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।

পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, রোকসানা তাঁর পরিবারসহ ফায়দাবাদ পুলিশ ফাঁড়ির মাথা ১৯৬ নম্বর জামতলীর একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন। তাঁর স্বামী সোহেল রানা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আজ সকালে তিনি বাসা থেকে কর্মস্থলে যান। দম্পতির দুই মেয়ে স্কুলে পড়াশোনা করে।

ঘটনার বিবরণ দিয়ে জানা যায়, আজ বেলা তিনটার দিকে ছোট মেয়ে হাসিন ওয়ামি (১০) স্কুল থেকে ফিরে দেখে বাসার দরজা খোলা। শোবার ঘরের মেঝেতে তিনি তাঁর মাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হাসিন পুনরায় স্কুলে গিয়ে শ্রেণিশিক্ষককে বিষয়টি জানান। শিক্ষক ওই ঘটনার কথা ওয়ামির বাবাকে জানালে তিনি দ্রুত বাসায় ফিরে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। সুরতহাল শেষে মরদেহটি হোসেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

খবর পেয়ে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "আজ বেলা ১১টা থেকে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর দুই মেয়ে স্কুলে ছিল। ধারণা করা হচ্ছে, গ্রিল কেটে বাসায় ঢুকে রোকসানাকে হত্যা করা হয়েছে। ওই বাসা থেকে স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানতে পেরেছেন।"

তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, "রোকসানার স্বামীর কথাবার্তা সন্দেহজনক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"