বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. শাহ এমরান। গত রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, চার বছরের জন্য তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে কাউন্সিলে মোট তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, যাদের মধ্যে একজন অধ্যাপক এমরান। পেশাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষক হিসেবে অধ্যাপক মো. শাহ এমরানের যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে। এর আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইউনিক ফার্মাসিউটিক্যালসে প্রোডাকশন ফার্মাসিস্ট এবং জেসন ফার্মাসিউটিক্যালসে কোয়ালিটি অ্যাসুরেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

গবেষণায় বিশেষ পারদর্শিতা সম্পন্ন শাহ এমরানের ১৭৫টির বেশি গবেষণা নিবন্ধ দেশি–বিদেশি পিয়ার–রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি ১৬টি বই ও পাঁচটি বইয়ের অধ্যায়ের রচয়িতা। তাঁর তত্ত্বাবধানে ২৩ জন এমফার্ম, ৫ জন এমফিল ও ৬ জন পিএইচডি গবেষক তাঁদের গবেষণা সম্পন্ন করেছেন। ২০২৫ সালে তিনি অধ্যাপক হিসেবে আইইউবিতে যোগ দেন।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭–এর অধীনে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল দেশের উচ্চশিক্ষা খাতে মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনের দায়িত্বপ্রাপ্ত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। এই কাউন্সিল জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় এবং তাদের শিক্ষা কার্যক্রমের অ্যাক্রেডিটেশন প্রদান করে থাকে।