বর্ণাঢ্য আয়োজন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় শহরের দেওভোগ বিদ্যানিকেতন হাই স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশাত্মবোধক গান ও নৃত্যের পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আলোচনা সভায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং শিশু-কিশোরবান্ধব অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীরা বলে, শিশুদের জন্য প্রচারিত ‘মটু-পাতলু’, ‘সিসিমপুর’, ‘চিকু-বান্টি’ ও ‘শিবা’র মতো জনপ্রিয় কার্টুন সিরিজের পাশাপাশি আরও বেশি শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠান সম্প্রচার করা হলে তা নতুন প্রজন্মের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে, অভিভাবকরা মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিকতার প্রশংসা করে বলেন, ‘উন্মোচন’-এর মতো জনস্বার্থসংশ্লিষ্ট ও সাহসী অনুসন্ধানী প্রতিবেদন ভবিষ্যতেও আরও বেশি প্রচারিত হবে—এমনটাই তাদের প্রত্যাশা।

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম বলেন, “মাছরাঙা টেলিভিশনের ১৫ বছরের পথচলা সত্যিই প্রশংসনীয়। নির্ভরযোগ্য সংবাদ, মানসম্মত অনুষ্ঠান এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে চ্যানেলটি দর্শকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।”

নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা বলেন, “গণমাধ্যমের প্রধান দায়িত্ব সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া। গত ১৫ বছরে মাছরাঙা টেলিভিশন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে। ভবিষ্যতেও তাদের এই ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল রাব্বি বলেন, “সাহসী, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম শক্তি। সত্য প্রকাশ এবং সমাজের অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

মাছরাঙা টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপ্ত টিভির জেলা প্রতিনিধি গৌতম সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিউল রাব্বি, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ড. ফজলুল হক রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দেওভোগ বিদ্যানিকেতন হাই স্কুলের অধ্যক্ষ উত্তম কুমার সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওন, মুক্তকণ্ঠের জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর ইসলাম, মুক্তকণ্ঠ ও গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি সাজিত হোসেন সজিতসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘ ১৫ বছরের পথচলায় মাছরাঙা টেলিভিশন সেই আস্থার জায়গা তৈরি করেছে। আগামী দিনেও সত্যনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশের গণমাধ্যমে চ্যানেলটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।