হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি ডোবায় ডুবে শ্রাবণ ও সৌরভ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলাজুড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা শৈলাজুড়া গ্রামের বাসিন্দা মধু সরকারের আট বছর বয়সী ছেলে শ্রাবণ এবং ছয় বছর বয়সী ছেলে সৌরভ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই ভাই। খেলার একপর্যায়ে তাদের বলটি পাশের একটি ডোবায় পড়ে যায়। বলটি উদ্ধার করতে গিয়ে প্রথমে ছোট ভাই সৌরভ ডোবায় পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই শ্রাবণও পানিতে তলিয়ে যায়।

বেশ দীর্ঘ সময় দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তাদের ভাসতে দেখে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"