লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা থেকে তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। গতকাল বুধবার এই প্রক্রিয়ার বিষয়ে অবগত দুজন ব্যক্তি এমন তথ্য জানিয়েছেন।
সূত্রগুলোর মতে, জোটটিতে কোন কোন দেশ অন্তর্ভুক্ত হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে এ বিষয়ে ইতিমধ্যে ডজনখানেক দেশের সঙ্গে আলোচনা চলছে। এই উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে সৌদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে ২০ জুলাই ইরান-সমর্থিত হুতিরা দাবি করে, "ইয়েমেনের ওপর সৌদি আরবের তথাকথিত অবরোধের জবাবে তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করছে।" তবে রিয়াদ ইয়েমেন অবরোধের এই অভিযোগ অস্বীকার করেছে।
পরবর্তীতে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার কথা জানায়। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুতিদের সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। সৌদি আরবের দাবি, হুতিরা ওই বন্দরটি ব্যবহার করে বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকি দিচ্ছিল।
এই অবরোধের ফলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাথে ইরানের চলমান সংঘাতের এক নতুন মোড় তৈরি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতির কারণে পারস্য উপসাগরের বাইরে তেল ও অন্যান্য পণ্য সরবরাহকারী ট্যাঙ্কারগুলোর ওপর হামলার ঝুঁকি বেড়েছে, যার প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দাম পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছে।