আজ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশের সাথে বৃষ্টিতে ভিজছে রাজধানী। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মুক্তকণ্ঠকে বলেন, "সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল এবং ঝিরঝির করে বৃষ্টি হয়েছে।" তিনি আরও জানান, একই সময়ে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, শরীয়তপুর ও মাদারীপুরসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, "দিনের দ্বিতীয় ভাগে রাজধানীর আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। তবে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি অব্যাহত থাকতে পারে।"
আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, আজ ঢাকাসহ চার বিভাগের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে হ্রাস পাওয়ায় আজ সকালে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে এই সতর্কসংকেত বহাল ছিল।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়ায় এর প্রভাব কমছে। ফলে আগামীকাল শুক্রবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি আরও কমে আসতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।