ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কাজে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই চ্যাটবট জেমিনাই বর্তমানে অনেকেরই ভরসা। তবে একই সঙ্গে একাধিক নির্দেশনা দিলে সুনির্দিষ্ট তথ্য পেতে অনেক সময় ব্যয় হতো। ব্যবহারকারীদের এই ভোগান্তি দূর করতে জেমিনাই অ্যাপের ইউজার ইন্টারফেসে পরিবর্তন এনেছে গুগল। নতুন এই হালনাগাদের ফলে জেমিনাই অ্যাপের ‘থিঙ্কিং লেভেল’ নির্বাচন করা এখন আরও সহজ হবে। সেই সঙ্গে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে নতুন নোটিফিকেশন কন্ট্রোলের সুবিধা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদন অনুযায়ী, আগে অতিরিক্ত যুক্তিভিত্তিক উত্তর পেতে ব্যবহারকারীদের প্রথমে একটি থিঙ্কিং লেভেল বেছে নিতে হতো। এখন থেকে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ‘স্ট্যান্ডার্ড’ মোডে কাজ করবে। তবে যদি অতিরিক্ত বিশ্লেষণের প্রয়োজন হয়, তবে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ অপশনটি নির্বাচন করতে পারবেন। এতে আগের চেয়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে।

পাশাপাশি জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নোটিফিকেশন কন্ট্রোলের নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট মেনু থেকেই নির্ধারণ করে দিতে পারবেন যে তারা কোন ধরনের নোটিফিকেশন পেতে চান।

গত কয়েক মাস ধরে গুগল পর্যায়ক্রমে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের কাজ চালিয়ে যাচ্ছে। নতুন এই আপডেটটি সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ। গুগল জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের জন্য এই সুবিধাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হচ্ছে।