গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে নারকেল গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—হরিরামপুর ইউনিয়নের পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা (৩৪) এবং একই ইউনিয়নের দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মওলা পেশায় গাছ ও ডালপালা কাটার শ্রমিক ছিলেন। বুধবার দুপুরে দাড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার সময় সেটির একটি অংশ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের (কেভি) লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরবর্তীতে গাছের ওই কাটা অংশটি সরাতে গিয়ে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর তাদের উদ্ধার করা হলে ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর আহত আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন ও এসআই শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।