ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) তাদের নতুন আর্থিক সেবা ‘এক্স মানি’ চালু করেছে। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পেইড ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি উন্মুক্ত করা হয়েছে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ লেনদেনের পাশাপাশি ক্যাশব্যাক এবং বার্ষিক মুনাফাসহ বিভিন্ন আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন।
এক্সের দেওয়া তথ্য অনুযায়ী, এক্স মানি ব্যবহারকারীদের একটি ডিজিটাল ভিসা ডেবিট কার্ড প্রদান করা হবে, যা সরাসরি অ্যাপল পে-তে যুক্ত করা সম্ভব। পরবর্তীতে তাদের জন্য একটি ফিজিক্যাল বা বাস্তব ভিসা ডেবিট কার্ডের ব্যবস্থাও থাকবে। এই কার্ড ব্যবহার করে বিদেশে লেনদেনের ক্ষেত্রে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না এবং বিশ্বের বিভিন্ন দেশের এটিএম থেকে বিনামূল্যে নগদ অর্থ তোলার সুবিধাও পাওয়া যাবে। ফলে বাড়তি খরচ ছাড়াই দ্রুত অর্থ আদান-প্রদান করা যাবে এক্সের মাধ্যমে।
বিশেষ করে এক্সের প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীরা তাদের জমা রাখা অর্থের ওপর বার্ষিক ৬ শতাংশ হারে মুনাফা (এপিওয়াই) পাবেন। এছাড়া নির্দিষ্ট কিছু কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ডাইরেক্ট ডিপোজিটের সুবিধা চালু থাকলে নির্ধারিত সময়ের কয়েক দিন আগেই নতুন জমা হওয়া অর্থ ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।
‘এক্স মানি’ চালুর মাধ্যমে ইলন মাস্ক তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। টুইটার অধিগ্রহণের পর থেকেই তিনি এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ প্ল্যাটফর্মে রূপান্তর করার কথা বলে আসছেন, যেখানে সামাজিক যোগাযোগের পাশাপাশি অর্থ লেনদেন, কেনাকাটা এবং আরও নানা ডিজিটাল সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে।