লিংকন, নেব্রাস্কা—২০২১ সালের পর থেকে নিখোঁজ ছিল ইনমাকুলাডা জ্যাকম্যানের পারিবারিক পোষা কুকুর চং। একদিন হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে যায় কুকুরটি। বছর গড়ালেও কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন জ্যাকম্যান।

ইনমাকুলাডা জ্যাকম্যান কেওএলএন-টিভিকে বলেন, ‘আমি তখন থেকেই ওকে খুঁজতাম। আমরা গাড়ি চালিয়ে আমাদের পুরোনো এলাকায় যেতাম, দেখার চেষ্টা করতাম, কেউ ওকে হাঁটাহাঁটি করাচ্ছে কি না বা ও কোথাও দৌড়াদৌড়ি করছে কি না।’

এইভাবে খোঁজাখুঁজি চলতে চলতে প্রায় পাঁচ বছর পার হয়। পরে জ্যাকম্যানের এক বন্ধুর মাধ্যমে তথ্য পেয়ে তার অনুসন্ধানের অবসান ঘটে। এক বন্ধুর পাঠানো বার্তায় বলা হয়, ইনডিয়ানা অঙ্গরাজ্যের হেনড্রিক্স কাউন্টি অ্যানিমেল শেল্টারের একটি ফেসবুক পেজে কুকুরটির বিষয়ে পোস্ট রয়েছে। ওই পোস্ট অনুযায়ী, ইনডিয়ানা অঙ্গরাজ্যের পিটসবোরোর ‘লাভস ট্রাকস্টপ’–এর বাইরে চংকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের স্থানটি জ্যাকম্যানদের বাড়ি থেকে প্রায় ১ হাজার ৩৩ কিলোমিটার (প্রায় ৬৪২ মাইল) দূরে। এতটা দূরত্বে কুকুরটি কীভাবে পৌঁছাতে পেরেছে—এ নিয়েও শুরুতে প্রশ্ন উঠেছিল জ্যাকম্যানের মনে। তবে তিনি এরপরই সংশ্লিষ্ট প্রাণী আশ্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন।

সেখানে যোগাযোগের পর নতুন একটি জটিলতার বিষয়টি সামনে আসে। চং পালিয়ে যাওয়ার পর লিংকনের অন্য কেউ প্রাণীটির গায়ে নতুন একটি মাইক্রোচিপ বসিয়েছিল। এ অবস্থায় আশ্রয়কেন্দ্রকে নিজস্ব নিয়ম ও প্রটোকল মেনে চলতে হয় বলে জানান জ্যাকম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকম্যান লেখেন, ‘অন্য কারও নামে চিপ করা থাকায় আশ্রয়কেন্দ্রকে নিজস্ব নিয়ম ও প্রটোকল মেনে চলতে হয়েছিল। চিপের ফাইলে থাকা নম্বরগুলোয় তিন দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’

তিন দিনের বাধ্যতামূলক অপেক্ষা শেষে চংকে নতুন করে দত্তকের জন্য প্রস্তুত করা হয়। এই খবর জানার পর জ্যাকম্যান ইনডিয়ানায় রওনা দেন। তিনি সঙ্গে নিয়ে যান চংয়ের ভাই কুকুর ‘চিচ’-কে। প্রাণী আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর পর তাদের মিলনকে কেন্দ্র করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে এক পোস্টে বলা হয়, ‘চং শুধু তার মালিককেই নয়, নিজের ভাইকেও চিনতে পেরেছে। এখন পুরো একটি পরিবার ভালোবাসায় ভরা হাত বাড়িয়ে তার ফেরার অপেক্ষা করছে।’