আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস এবং ভিশনওএস—একযোগে সবকটি অপারেটিং সিস্টেমের জন্য নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এই হালনাগাদগুলোর মাধ্যমে বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিদ্যমান ২২৫টিরও বেশি নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা গোপনে অ্যাপল ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারত বলে জানানো হয়েছে।

অ্যাপলের তথ্যানুসারে, আইওএস ও আইপ্যাডওএসে ৭৫টির বেশি এবং ম্যাকওএস টাহোতে ১৫০টির বেশি নিরাপত্তা ত্রুটি দূর করা হয়েছে। অপারেটিং সিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে এই ত্রুটিগুলো ছিল। এর মধ্যে কিছু ত্রুটির মাধ্যমে ডিভাইসের রুট বা কার্নেল স্তরের নিয়ন্ত্রণ নেওয়া, ইচ্ছেমতো কোড চালানো কিংবা অ্যাপলের স্যান্ডবক্স নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করার ঝুঁকি ছিল। অপারেটিং সিস্টেমের পাশাপাশি সাফারি ব্রাউজারের ওয়েবকিট ইঞ্জিনের একাধিক নিরাপত্তা ত্রুটিও সংশোধন করা হয়েছে। এর ফলে ক্ষতিকর ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজিং সংক্রান্ত তথ্য ফাঁস, ভুয়া ইন্টারফেস প্রদর্শন, নিরাপত্তাব্যবস্থা ভঙ্গ বা অনুমোদনের বাইরে থাকা ফাইলে প্রবেশের ঝুঁকি হ্রাস পাবে।

নতুন এই হালনাগাদে অপারেটিং সিস্টেমের মূল অংশ বা কার্নেলের একাধিক নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে। এসব ত্রুটির কারণে কার্নেলের মেমোরি ক্ষতিগ্রস্ত হওয়া, নেটওয়ার্ক সুরক্ষা এড়িয়ে যাওয়া, সংবেদনশীল তথ্য ফাঁস বা যন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

অ্যাপলের দাবি, "এখন পর্যন্ত ত্রুটিগুলো বাস্তবে কোনো সাইবার হামলায় ব্যবহৃত হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।"

তবে পুরনো সংস্করণগুলোতে নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পর সেগুলো কাজে লাগিয়ে সাইবার হামলার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব ব্যবহারকারীকে যত দ্রুত সম্ভব নিজেদের যন্ত্রের নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দিয়েছে অ্যাপল।