যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। বর্তমানে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে সফররত রয়েছেন। ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ওয়াশিংটনের সড়কে শত শত মানুষ বিক্ষোভ ও মিছিল করে আইসিসির পরোয়ানা কার্যকর করার দাবি জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভারী বৃষ্টি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছেন।

বিক্ষোভের একপর্যায়ে কিছু বিক্ষোভকারী জর্জিয়াটাউনের বিলাসবহুল ফোর সিজনস হোটেলের লবিতে ঢুকে পড়ার চেষ্টা করেন, যেখানে নেতানিয়াহু নৈশভোজে অংশ নিচ্ছিলেন। ফুটেজে দেখা যায়, নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। এ সময় লবিতে ‘বিবি, বিবি, তুমি লুকাতে পারবে না... তুমি গণহত্যা চালাচ্ছ’ বলে তীব্র প্রতিবাদী স্লোগান শোনা যায়।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে ২০০২৪ সালে আইসিসি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।