ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন এক নারীর কোলজুড়ে এসেছে একটি কন্যাসন্তান। তবে নবজাতকের বাবার পরিচয় এখনো জানা যায়নি। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলসূতী বাজার এলাকায় ওই নারী সন্তান প্রসব করেন। বর্তমানে মা ও নবজাতকের দেখভাল করছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মানসিক ভারসাম্যহীন নারী গত প্রায় দেড় বছর ধরে ফুলসূতী বাজার ও এর আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। বাজারের স্থানীয় বাসিন্দারা তাঁকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিলেন। সোমবার হঠাৎ প্রসববেদনা শুরু হলে স্থানীয় লোকজন তাঁর পাশে দাঁড়ান এবং বাজারের একটি ঘরেই কন্যাসন্তানটির জন্ম হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আজাদ জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজখবর নেন।

নবজাতককে কোলে তুলে নিয়ে ইউএনও রেজওয়ানা আফরিন জানান, একজন গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি মা ও শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা একটি নতুন প্রাণ পেয়েছি, এটিই সবচেয়ে বড় বিষয়। শিশু ও মায়ের নিরাপত্তা নিশ্চিত করতে দুজন গ্রাম পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ইউএনও আরও জানান, মা ও শিশুর পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত আপাতত উপজেলা প্রশাসনই তাঁদের দেখাশোনা করবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হলে জেলা সমাজসেবা কর্মকর্তার সহায়তা নেওয়া হবে।