পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভার নির্বাচনের প্রথম ধাপে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) বা পিএমএল-এন। অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, প্রথম ধাপের মোট ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়েছে এই দলটি। বাকি চারটি আসনে জয়লাভ করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
গতকাল সোমবার মিরপুর, কোটলি ও ভিম্বর জেলার ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়। প্রাথমিক ও অনানুষ্ঠানিক তথ্যানুযায়ী, পিএমএল-এন মিরপুরের দুটি, ভিম্বরের তিনটি এবং কোটলির চারটি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, পিপিপি মিরপুরের দুটি ও কোটলির দুটি আসনে বিজয় অর্জন করেছে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তিনি বলেন, "নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল।"
তবে নির্বাচনের সময় দুটি সহিংস ঘটনার কথা উল্লেখ করেছেন সানাউল্লাহ। তাঁর ভাষ্যমতে, একটি ঘটনা পারিবারিক বিরোধের জেরে গুলির লড়াই এবং অন্যটি নাকিয়াল এলাকায়, যেখানে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রানা সানাউল্লাহ আরও অভিযোগ করেন, ভিম্বরের এক আসনে এক প্রার্থী নিজেই একটি ভোটকেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স সরিয়ে ফেলেন। এই ঘটনায় ওই প্রার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, "বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া নির্বাচন সামগ্রিকভাবে অবাধ ও সুষ্ঠু হয়েছে।"