প্রাণঘাতী ভাইরাসজনিত রক্তক্ষরণজনিত রোগ ইবোলা থেকে মুক্তি পেয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। মঙ্গলবার (২৮ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস বারিয়োমুন্সি আনুষ্ঠানিকভাবে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করেন। ভাইরাসটির সর্বশেষ প্রাদুর্ভাবে উগান্ডায় মোট ২০ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময়ে দেশটিতে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। আক্রান্ত ২০ জনের মধ্যে ১৫ জনই প্রতিবেশী দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে সংক্রমিত হয়ে উগান্ডায় প্রবেশ করেছিলেন। বর্তমানে কঙ্গোকে ইবোলা প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।
স্বাস্থ্যমন্ত্রী ক্রিস বারিয়োমুন্সি জানান, ইবোলার সংক্রমণ সনাক্ত হওয়ার পর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশজুড়ে সর্বোচ্চ ও নিবিড় নজরদারি ব্যবস্থা চালু রেখেছিল। টানা কঠোর মনিটরিংয়ের ফলে নতুন করে আর কোনো ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। সব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অবশেষে দেশটিকে সম্পূর্ণ ইবোলামুক্ত হিসেবে ঘোষণা করা সম্ভব হয়েছে।