দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫টি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৬ জন উপাচার্য (ভিসি), ১১ জন উপ-উপাচার্য (প্রো-ভিসি) এবং ৮ জন কোষাধ্যক্ষ (ট্রেজারার) রয়েছেন।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা ঘোষণা করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব নিয়োগ দেওয়া হয়েছে।"
আরও বলা হয়েছে, "নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী তাদের দায়িত্ব, ক্ষমতা ও সুযোগ-সুবিধা নির্ধারিত হবে।"
নিয়োগপ্রাপ্ত উপাচার্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক।
এছাড়া সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইন। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. খালেদ উজ্জামান এবং ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (সাবেক ডিজিটাল বিশ্ববিদ্যালয়)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষদের নিয়োগের ক্ষেত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার হয়েছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইদ্রিস আলী। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম প্রো-ভিসি এবং কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং ট্রেজারার হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান এবং ট্রেজারার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আক্তার বানু।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা বেগম।
কোষাধ্যক্ষ বা ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।