পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু ওসমান ওই গ্রামের সায়েদ আলীর সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির বাবা আদালতের কাজে পঞ্চগড় শহরে গিয়েছিলেন এবং মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির আঙিনায় খেলা করার সময় সবার অগোচরে বাইরে বেরিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে মা খোঁজাখুঁজি শুরু করলে স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
দ্রুত স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ কুণ্ডু তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, "পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।