সিলেট নগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে রিফাত আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাজিরবাজার সেতুর ওপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিফাত নগরের আম্বরখানা বড়বাজার এলাকার মিফতা উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের একটি ইনডোর মাঠে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ও বঙ্গবীর এলাকার দুই দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। খেলা শেষে রাত সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ মাঠ থেকে ফেরার সময় কাজিরবাজার সেতুর ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা রিফাতকে ছুরিকাঘাত করে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। "গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।"

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, "নিহত কিশোরের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।"