চীনের কম্পিউটার চিপ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির খবর ছড়িয়ে পড়ার পর বৈশ্বিক প্রযুক্তি খাতে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাবে মঙ্গলবার (২৮ জুলাই) জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতনের পর যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর শেয়ারের দরও কমে গেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এদিন বাজার খোলার পর জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই-২২৫ প্রায় ৪ শতাংশ হ্রাস পেয়ে ৬২ হাজার ৩৫১ দশমিক ৭৩ পয়েন্টে নেমে আসে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৭ দশমিক ৫৪ শতাংশ কমে ৬ হাজার ২৪৬ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়ায়।
এই পতনের প্রভাব পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের ওপর, যার শেয়ারের দাম ৭ শতাংশের বেশি কমে যায়। একইভাবে বিশ্বের অন্যতম শীর্ষ মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারের দরও প্রায় ৭ দশমিক ৫ শতাংশ হ্রাস পায়।
বাজার বিশ্লেষকদের মতে, চীনের সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে বড় ধরনের অগ্রগতির খবর বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে, যার ফলে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির চাপ বৃদ্ধি পেয়েছে।
এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিষ্ঠান সাংহাই ইউলিয়াংশেং ডিপ আল্ট্রাভায়োলেট (ডিইউভি) লিথোগ্রাফি মেশিন তৈরির কাজ করছে। উন্নত সেমিকন্ডাক্টর বা কম্পিউটার চিপ উৎপাদনের জন্য ডিইউভি লিথোগ্রাফি প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের ধারণা, চীন এই প্রযুক্তিতে সফল হলে বৈশ্বিক চিপ শিল্পে প্রতিযোগিতা আরও তীব্র হবে।