গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যৌথভাবে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।"
তদন্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, "মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উন্মোচনে পিবিআইয়ের সহায়তায় তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।"