মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের পাশে এক গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে।
মেক্সিকো সিটির নিরাপত্তা-বিষয়ক সচিবালয় এই ঘটনাটিকে ‘সরাসরি হামলা’ হিসেবে অভিহিত করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুলিতে ৪২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আহত অপর দুজন পুরুষের বয়স ৩৯ বছর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী গুলি করার পরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ বর্তমানে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয় পুলিশের দেওয়া তথ্যমতে, হামলার ঘটনাটি মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এই এলাকাটি জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য পরিচিত।
মেক্সিকোর মাদক পাচার চক্রের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে গোলাগুলি ও হতাহতের ঘটনা নিয়মিত ঘটলেও, রাজধানীতে এবং বিশেষ করে প্রেসিডেন্ট প্রাসাদের মতো স্পর্শকাতর এলাকার পাশে এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে রাজধানীতে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো কিছু সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।