বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর কাতারে পৌঁছাতে ১০০টি দেশের বাজারে ব্যবসায়িক পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশের টেক জায়ান্ট ওয়ালটন। এই লক্ষ্য বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির গ্লোবাল ব্র্যান্ড বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।

সম্প্রতি রাজধানী ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে লিবিয়ার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘আসর আল টেকনিয়া’ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিটি ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এই চুক্তির ফলে লিবিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে আসর আল টেকনিয়া। প্রতিষ্ঠানটি লিবিয়ার বাজারে ওয়ালটনের ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার এবং ওয়াশিং মেশিনের মতো বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রয় ও বিপণনের কাজ পরিচালনা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান এবং লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আবদুল লতিফ প্রামাণিক প্রমুখ।

ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আবদুর রউফ বলেন, ‘পণ্যের উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ডিজাইন, টেকসই ও উচ্চ গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন। ফলে ওয়ালটনের গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন দেশের বাজার। ইতিমধ্যে বিশ্বের ৫৫টি দেশে ছড়িয়ে পড়েছে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে উত্তর আফিকার দেশ লিবিয়া।’