জলবায়ু পরিবর্তনের প্রভাবে অসহনীয় হয়ে ওঠা গরম থেকে মানুষকে সুরক্ষা দিতে উদ্ভাবনী প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কল্পনার মতো বাস্তব রূপ দিয়ে জাপানের এসডিআরএস ও ট্রাসকো প্রথমবারের মতো তৈরি করেছে ‘মানুষের জন্য ফ্রিজ’।
‘দো হিয়েমন’ নামের এই যন্ত্রটি মূলত একটি বিশাল ব্যক্তিগত কুলিং বক্স। দেখতে অনেকটা সাধারণ ভেন্ডিং মেশিনের মতো এই যন্ত্রটির উচ্চতা প্রায় সাত ফুট। পুরু স্টিলের তৈরি এই বাক্সের ভেতরে প্রবেশ করলে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায়। এসডিআরএসের দাবি, "বাক্সের ভেতর মাত্র পাঁচ মিনিট থাকলেই পুরো শরীরে বেশ ঠান্ডা অনুভূত হবে।"
ট্রাসকোর দেওয়া তথ্য অনুযায়ী, এই যন্ত্রটির ভেতরে মাত্র ১০ মিনিট সময় কাটালে হিটস্ট্রোকের ঝুঁকি কমে এবং অতিরিক্ত গরমের কারণে সৃষ্ট ক্লান্তি দূর হয়। তবে শরীর যেন অতিরিক্ত ঠান্ডা না হয়ে যায়, সেজন্য ২০ মিনিট পর অটোমেটিক টাইমারের মাধ্যমে বাতাস বন্ধ হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যন্ত্রটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ১৩৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ২৪ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)।
জাপানে গ্রীষ্মকালীন তাপমাত্রার তীব্রতা ক্রমাগত বাড়ছে এবং বর্তমানে দেশটির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রতি বছর গড়ে দেড় হাজারের বেশি মানুষ সেখানে হিটস্ট্রোকে প্রাণ হারান। নির্মাতাদের আশা, খোলা জায়গায় কর্মরত ব্যক্তিরা এই যন্ত্রটির মাধ্যমে চরম দাবদাহ থেকে মুক্তি পাবেন।