জয়পুরহাট সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার তেঘর নারায়ণপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সাগর হোসেন ওই উপজেলার পাকারমাথা এলাকার হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, দুপুরে সাগর তেঘর নারায়ণপাড়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে।"