ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 'দশম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো' এবং '৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি, ২০২৬' শীর্ষক মেলা বিষয়ক এক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ইপিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববাজারে পরিচিতি লাভ এবং রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন খন্দকার আবদুল মুক্তাদির। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না, তাই তাদের সহায়তার কথা জানান তিনি।

বাণিজ্যিক কার্যক্রম সহজীকরণের বিষয়ে মন্ত্রী বলেন, "বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজীকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যাতে ঘরে বসেই অনলাইনে পেতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে আয়োজিত এই ব্রিফিংয়ে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খান উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।