সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যের একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি। সোমবার (২৭ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংশোধনী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ সোলাইমান কবীর এবং সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্না। এছাড়া আলহাজ জি এম মাসুদুল আলমকে জ্যেষ্ঠ (সিনিয়র) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে ৯ জন, সম্মানিত সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ১৮ জনকে রাখা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে যে, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এদিকে, নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন এবং মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন।