ইসলামে পরোপকার ও নিঃস্বার্থ জনসেবাকে শ্রেষ্ঠ ইবাদতের মর্যাদা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা সুস্পষ্ট নির্দেশনায় বলেন, ‘তোমরা সৎকর্ম ও পরোপকারে একে অপরের সহযোগিতা করো; তবে পাপ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা কোরো না।’ (সুরা মায়িদা, আয়াত: ২)

ইসলামের দৃষ্টিতে পরোপকার কেবল নৈতিকতার অনুশীলন নয়; তা মুমিনের ইমানি দায়িত্ব। সৃষ্টির সেবাকে মহানবী (সা.) আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম উপায় হিসেবেও সাব্যস্ত করেছেন।

হাদিসে কুদসিতে কেয়ামতের দিনের প্রসঙ্গে বর্ণিত হয়েছে, আল্লাহ বান্দাকে বলবেন—‘হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার সেবা করোনি। বান্দা বলবে, হে আমার রব! আপনি তো বিশ্বজগতের প্রতিপালক, আমি কীভাবে আপনার সেবা করব?

আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল? তুমি যদি তার সেবা করতে, তবে আমাকে তার কাছেই পেতে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৬৯)

এই শিক্ষা মানুষকে জাগতিক প্রতিদান বা স্বীকৃতির বাইরে উঠে মানবতার সেবায় ব্রতী হওয়ার তাগিদ দেয়। ইসলামের নানা কাঠামোর ভেতরেও পরোপকারের মানবিক ধারা দেখা যায়। জাকাত, সাদকা, ফিতরা ও ওয়াক্ফ—এসব ব্যবস্থাকে মূলত একটি প্রাতিষ্ঠানিক স্বেচ্ছাসেবী মডেলের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়। এর মাধ্যমে সমাজের বিত্তবানদের সম্পদে বঞ্চিত ও অভাবী মানুষের হক রয়েছে—এ ধারণাও প্রতিষ্ঠিত হয়।

পরোপকারের পরিধি নবীজি (সা.) এমনভাবে বিস্তৃত করেছেন যে তিনি বলেছেন, ‘মানুষের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে মানুষের বেশি উপকারে আসে।’ (মুজামে কাবির, তাবারানি, হাদিস: ৬২২৯)

তিনি আরও শিক্ষা দিয়েছেন, ‘তোমাদের প্রতিটি ভালো কাজই সদকা।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০২১)

দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ক্ষুদ্র সহায়তাকেও ইসলাম দানের মর্যাদা দেয়—যেমন বিপন্ন ব্যক্তিকে সাহায্য করা, পথহারাকে পথ দেখানো বা কারও কষ্ট লাঘবের মতো কাজ। এগুলোও ইসলামি দৃষ্টিতে ‘সদকা’ হিসেবেই গণ্য হয়।

স্বেচ্ছাসেবী মানসিকতার মূল শক্তি নিহিত তার নিঃস্বার্থতায়। আধুনিক সময়ে অনেক সময় সেবা প্রচারণার মোড়কে আবদ্ধ হয়ে পড়ে। তাতে সেবার বদলে প্রাধান্য পায় ব্যক্তিগত ভাবমূর্তি বা স্বীকৃতি। ইসলাম এ প্রবণতাকে প্রত্যাখ্যান করে; গোপন দান ও নিঃস্বার্থ সেবাকেই এখানে অধিকতর ফজিলতপূর্ণ বলা হয়।

নবীজির জীবন থেকে এ ধরনের অংশগ্রহণমূলক উদ্যোগের উদাহরণও পাওয়া যায়। মদিনার মসজিদে নববি নির্মাণের সময় তিনি নিজে ইট বহন করেছেন—এমনটাও বর্ণিত আছে। আবার দুর্ভিক্ষের সময় নিজের খাবার বিলিয়ে দিয়ে অনাহারীর মুখে অন্ন তুলে দেওয়ার কথাও আলোচিত হয়।

তিনি বলেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে কাজ করে, আল্লাহ তার প্রয়োজনে কাজ করেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টসমূহ দূর করে দেবেন।’ (সহিহ বুখারি, হাদিস: ২৪৪২)

তৎকালীন সমাজের জন্য নবীজির এই ধরনের নেতৃত্বকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী মডেল হিসেবে তুলে ধরা হয়।

বর্তমান বিশ্ব নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য ও মানবিক সংকটে জর্জর। এই পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় কাঠামোর পাশাপাশি প্রয়োজন শক্তিশালী ও সচেতন স্বেচ্ছাসেবী সমাজ। ইসলামি শিক্ষা অনুযায়ী, একটি পিঁপড়াকে সাহায্য করা বা একটি পশুকে পানি পান করানোর মধ্যেও অশেষ সওয়াব রয়েছে—এমন ধারণাও স্মরণ করিয়ে দেওয়া হয়।

যখন কোনো ব্যক্তি মনে করেন—তার শ্রম, মেধা ও সম্পদ শুধু নিজের জন্য নয়; সমাজের অসহায় মানুষের জন্যও তা উৎসর্গিত—তখন সে সমাজে সহিংসতা বা বঞ্চনার পথ সংকুচিত হয়ে আসে।

ইসলামি জীবনদর্শন আরও মনে করিয়ে দেয়, মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া হলো প্রকৃত মনুষ্যত্ব। একটি আদর্শ সমাজ বিনির্মাণে পরোপকার ও স্বেচ্ছাসেবী মানসিকতার কোনো বিকল্প নেই বলেও জোর দেওয়া হয়।

আজকের অস্থির সময়ে শান্তি ও মানবিকতা ফিরিয়ে আনতে হলে নবীজির দেখানো সেবামূলক আদর্শকে আবারও ধারণ করতে হবে বলে মত প্রকাশ করা হয়। প্রকৃত মুমিন সে-ই, যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে এবং যার উপস্থিতি সমাজের জন্য রহমত হয়ে দাঁড়ায়।