চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার (রোববার সকাল ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর ফলে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে, যার মধ্যে দুজন মারা গেছেন শুধু জুলাই মাসেই।
মৃত নারীর নাম নুরজাহান বেগম (৬০), তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাঁকে মৃত অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হয়। তিনি ডেঙ্গুজনিত ‘মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম’ এবং ‘এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের’ পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জন বেসরকারি হাসপাতালে, ৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন করে সম্মিলিত সামরিক হাসপাতাল ও চট্টগ্রাম জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৬ জন নগরের, ১০ জন বিভিন্ন উপজেলার এবং ১ জন অন্য জেলার বাসিন্দা।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা ৪৫৭ জন। এ বছর জেলায় প্রথম ডেঙ্গু মৃত্যু ঘটে ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় মৃত্যু হয় ১১ জুলাই। মোট তিন মৃত ব্যক্তির মধ্যে দুজন নগরের এবং একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাসাবাড়ি ও আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। সময়মতো চিকিৎসা নিলে এবং সচেতন থাকলে আক্রান্ত কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছি।’