গণিতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার 'ফিল্ডস মেডেল' জিতে ইতিহাস গড়লেন চীনের দুই গণিতবিদ হং ওয়াং ও ইউ দেং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে অমীমাংসিত থাকা জটিল গাণিতিক সমস্যার সমাধান করার স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে শিক্ষকতা করা ৩৫ বছর বয়সী হং ওয়াং এই পুরস্কার জয়ী তৃতীয় নারী। তাঁদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন পারডন এবং কানাডার জ্যাকব সিমারম্যানও ফিল্ডস মেডেল পেয়েছেন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হং ওয়াং ও ইউ দেংয়ের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেকে ১৫ হাজার কানাডীয় ডলার (প্রায় ১০ হাজার ৫০০ মার্কিন ডলার) করে পেয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে যখন মানবনির্ভর গণনার সক্ষমতা চ্যালেঞ্জের মুখে, ঠিক সেই সময়েই এই স্বীকৃতি এল।

সহকর্মী জশ জালের সঙ্গে মিলে হং ওয়াং ১৯১৭ সালে জাপানি গণিতবিদ সোইচি কাকেয়া উত্থাপিত একটি বিখ্যাত সমস্যার সমাধান করেন। সমস্যাটি ছিল—একটি পেনসিলকে যদি সম্পূর্ণ একবার ঘুরিয়ে নেওয়া হয়, তবে সেটি সর্বনিম্ন কতটুকু ক্ষেত্রফল অতিক্রম করবে? ওয়াং ও জাল পেনসিলটিকে সমতল পৃষ্ঠের পরিবর্তে ত্রিমাত্রিক (থ্রি-ডি) শূন্যে ভাসমান হিসেবে ধরে বিশ্লেষণ করেন এবং গত বছর তাঁদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন। এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াং বলেন, ‘এ অনুমান মানুষকে খুব আকৃষ্ট করেছে। কারণ, সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্ষেত্রের নানা সমস্যায় স্বাভাবিকভাবেই এ ধরনের ঘটনা দেখা যায়।’

অন্যদিকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সী গণিত অধ্যাপক ইউ দেং ১৯০০ সালে জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের উত্থাপিত ষষ্ঠ সমস্যার সমাধান করেছেন। পৃথক পৃথক কণার গতিবিধির ভিত্তিতে একটি সামগ্রিক ব্যবস্থার আচরণ কীভাবে গণনা করা যায়—এই প্রশ্নের উত্তর গ্যাসের আচরণ বিশ্লেষণের মাধ্যমে দিয়েছেন তিনি। এই অর্জনের পর ইউ দেং বলেন, ‘যেসব মহান গণিতবিদকে আমি সব সময় শ্রদ্ধা করেছি, তাঁদের নামের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা সত্যিই বিরাট সম্মানের।’

হং ওয়াং মূলত তরঙ্গের গতিবিধি ও বৈশিষ্ট্য বিশ্লেষণের জন্য হারমোনিক অ্যানালাইসিস নিয়ে গবেষণা করেছেন। তিনি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করলেও পরে গণিত বিভাগে চলে যান। এরপর ফ্রান্সের প্যারিস-সুদ বিশ্ববিদ্যালয় ও একোল পলিটেকনিকে পড়াশোনা এবং যুক্তরাষ্ট্রের এমআইটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

ইউ দেং ছোটবেলা থেকেই গণিত অলিম্পিয়াডে অংশ নিতেন। ২০০৭ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০০৯ সালে এমআইটিতে স্থানান্তরিত হন এবং পরবর্তীতে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। ২০২৪ সাল থেকে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

গণিতের ক্ষেত্রে ফিল্ডস মেডেলকে নোবেল পুরস্কারের সমতুল্য মনে করা হয়। প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সী প্রতিভাবান গণিতবিদদের এই সম্মাননা দেওয়া হয়। চীনা গবেষকদের এই সাফল্যে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। ওয়েইবো ও রেডনোটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘ফিল্ডস মেডেল’ এবং ‘ফার্স্ট চায়নিজ ম্যাথমেটিশিয়ানস টু উইন ফিল্ড মার্শালস’—এই দুটি হ্যাশট্যাগ লাখ লাখ ভিউ পেয়েছে। ওয়েইবোর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটি সব চীনা মানুষের গর্ব।’ আরেকজন লিখেছেন, ‘আমরা ইতিহাসের সাক্ষী হচ্ছি।’