অগ্রণী ব্যাংক পিএলসির ময়মনসিংহ সার্কেলের ব্যবসায়িক সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অগ্রণী ব্যাংক এই তথ্য নিশ্চিত করেছে।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) রূবানা পারভীন। ব্যাংকের ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সার্কেলের বিভিন্ন অঞ্চলের প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা, পরিকল্পনা বাস্তবায়ন ও শ্রেণিকৃত ঋণ আদায়ে জোর দেন। সেই সঙ্গে তিনি ব্যাংকের ২০২৬ সালের আর্থিক সূচকগুলো প্রবৃদ্ধি অর্জনসহ আমদানি, রপ্তানি, রেমিট্যান্স তথা প্রবাসী আয় সংগ্রহ এবং প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্মেলনে গ্রাহকদের মাঝে বাংলা কিউআরের ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস তথা নগদবিহীন লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।