গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে এই রোগের লক্ষণ দেখা গেছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭৩০ জন এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।

একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া এই সময়ের মধ্যে মোট ১৫ হাজার ৫৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।