আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব পড়ছে দেশের স্বর্ণের বাজারেও। সেই ধারাবাহিকতায় আজ সোমবার (২৭ জুলাই) নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।
গত শুক্রবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম হ্রাস করে। ওইদিন ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
এর আগে গত ২২ জুলাই (বুধবার) সকালে বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করা হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৪৭ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।