বান্দরবানের একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি উসিংনু মার্মাকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৫। প্রায় দুই দশক আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
রোববার (২৬ জুলাই) র্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি অভিযানিক দল বান্দরবান সদর উপজেলার ‘ওয়াই জংশন’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর থানাধীন লুলাইন হেডম্যান পাড়ার রে অং মার্মার ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে উসিংনু মার্মার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। একই মামলায় তাকে পৃথকভাবে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের এই সাজা এড়াতে উসিংনু মার্মা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপন করে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে প্রায় ২০ বছর পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, "অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান নিয়মিত চলছে। এরই ধারাবাহিকতায় প্রায় দুই দশক ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।"