লক্ষ্মীপুরে একটি দ্রুতগতির ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত চৌধুরী রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুবেল সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে তার মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ড্রাম ট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা গেছে। রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বেপরোয়া গতির ড্রাম ট্রাক আর কত প্রাণ কাড়বে?"

এই দুর্ঘটনার বিষয়ে জানতে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।